|
সমপ্রতি গাইবান্ধায় 'সুজন-সুশাসনের
জন্য নাগরিক'-এর উদ্যোগে অনুষ্ঠিত হল 'জনগণের মুখোমুখি'
অনুষ্ঠান ৷ গোবিন্দগঞ্জ হাই স্কুল মাঠে গোবিন্দগঞ্জ-৪ আসনের
ঊপনির্বাচনে অংশগ্রহণকারী তিন জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী একই
মঞ্চে এসে সমবেত হাজার হাজার মানুষের সামনে নিজেদের নির্বাচনী
প্রত্যাশা উত্থাপন করেন ৷ অনুষ্ঠানের শুরুতে উপস্থিত নাগরিকদের
পক্ষ থেকে এলাকাবাসীর প্রত্যাশা উস্থাপন করা হয় ৷ নাগরিকগণ
সন্ত্রাস, মাদক, নারী নির্যাতন, দুর্নীতি প্রভৃতি সামাজিক
অনাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য
প্রার্থীদের প্রতি আহ্বান জানান ৷ প্রার্থীগণ উপস্থিত
এলাকাবাসীর বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন ৷ একই সাথে তিন জন
প্রার্থী হাতে হাত ধরে সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচনের
জন্য ভূমিকা রাখা এবং এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার
দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন ৷ যা বর্তমান সংকটাপন্ন রাজনৈতিক
পরিস্থিতিতে একটি বিরল ঘটনা এবং এক অনন্য দৃষ্টান্ত ৷ |
|
  |
| 'সুজন-সুশাসনের
জন্য নাগরিক' দেশে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন
কার্যক্রম পরিচালনা করে আসছে ৷ 'সুজন' কর্তৃক পরিচালিত
কার্যক্রমের অন্যতম হলো নির্বাচনে এমন একটি পরিবেশ তৈরিতে
সাহায্য করা, যাতে ভোটারগণ জেনে-শুনে-বুঝে সত্ ও যোগ্য
প্রার্থীকে নির্বাচিত করতে পারে ৷ এরই ধারাবাহিকতায় সুজন
গোবিন্দগঞ্জ উপজেলা কমিটি গত ২৬ এপ্রিল, ২০০৬, 'একই মঞ্চে
প্রার্থী-ভোটার মুখোমুখি' অনুষ্ঠানের আয়োজন করে এবং এই
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন-গোবিন্দগঞ্জের আহ্বায়ক অধ্যক্ষ
মতিউর রহমান ৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন
কেন্দ্রীয় কমিটির সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, বিশেষ অতিথি
ছিলেন সুজন-গাইবান্ধার আহ্বায়ক মশিয়ার রহমান খান ৷ একই মঞ্চে
সমবেত হন চারদলীয় জোট প্রার্থী মোঃ শামীম কায়সার, জাতীয়
পার্টির মোঃ লত্ফর রহমান চৌধুরী, স্বতন্ত্র মোঃ আবুল কালাম
আজাদ ৷ |
প্রধান
অতিথির বক্তব্যে ড. বদিউল আলম মজুমদার হলফনামার মাধ্যমে
প্রার্থীদের প্রদত্ত তথ্যগুলো উপস্থিত জনগণের সামনে উপস্থাপন
করেন ৷ তিনি এলাকাবাসীর প্রতি সৎ, যোগ্য, জনকল্যাণে নিবেদিত
প্রার্থী বেছে নেয়ার আহ্বান জানান ৷ একইসাথে প্রার্থীদের
প্রদত্ত তথ্যের সত্যাসত্য জনগণের যাচাই করে নেয়ার কথা বলেন ৷
তিনি আরও বলেন, যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার মাধ্যমে
বাংলাদেশকে বর্তমান সংকটের গ্রাস থেকে রক্ষা করা সম্ভব ।
অনুষ্ঠানটি এলাকায় ব্যাপক উত্সাহ-উদ্দীপনার সঞ্চার করেছে
।
|
|